উজান থেকে নেমে আসা ঢলের কারণে নীলফামারী অংশে তিস্তা নদীর পানি সাময়িকভাবে বিপৎসীমা অতিক্রম করেছে। তবে বর্তমান পরিস্থিতিতে বন্যার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
রোববার সন্ধ্যা ৬টার পরিমাপ অনুযায়ী, লালমনিরহাটের ডালিয়া ব্যারাজ পয়েন্টে তিস্তার পানির উচ্চতা দাঁড়ায় ৫২ দশমিক ২২ মিটার, যা নির্ধারিত বিপৎসীমার চেয়ে ৭ সেন্টিমিটার বেশি।
পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, সকালে পানির উচ্চতা ছিল ৫১ দশমিক ৯৭ মিটার। এরপর দুপুরের দিকে তা ধীরে ধীরে বাড়তে থাকে। দুপুর ১২টায় পানি পৌঁছায় ৫২ দশমিক ২০ মিটারে এবং বিকেল ৩টায় তা আরও বেড়ে ৫২ দশমিক ৩০ মিটারে ওঠে। ডালিয়া পয়েন্টে বিপৎসীমা নির্ধারণ করা হয়েছে ৫২ দশমিক ১৫ মিটার।
পাউবোর ডালিয়া বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, উজানের অতিরিক্ত পানির প্রবাহের কারণে নদীর পানি সাময়িকভাবে বিপৎসীমা অতিক্রম করেছে। তবে রাতের মধ্যে পানির উচ্চতা কিছুটা বাড়লেও পরে তা ধীরে ধীরে কমে আসবে বলে পূর্বাভাস রয়েছে। তাই বর্তমানে বন্যা নিয়ে উদ্বেগের কারণ নেই।
তিনি আরও জানান, নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাটই খুলে রাখা হয়েছে। একই সঙ্গে পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছে পানি উন্নয়ন বোর্ড।
