রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়ার মধ্যে পরিকল্পিত দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের প্রাথমিক প্রস্তুতির অংশ হিসেবে সম্ভাব্যতা যাচাই কার্যক্রমে ৪ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুরুন্নিসা সিদ্দীকা জানতে চান, বহুল আলোচিত এ সেতু প্রকল্পের জন্য নতুন অর্থবছরের বাজেট বা বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে কোনো অর্থ সংস্থান রাখা হয়েছে কি না।
জবাবে অর্থমন্ত্রী বলেন, দ্বিতীয় পদ্মা সেতু বর্তমান সরকারের অগ্রাধিকারভিত্তিক অবকাঠামো প্রকল্পগুলোর একটি। প্রকল্পটির বাস্তবায়নযোগ্যতা যাচাইয়ের জন্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অধীনে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া এগিয়ে চলছে।
তিনি আরও জানান, ২০২৬-২৭ অর্থবছরের এডিপির অননুমোদিত নতুন প্রকল্পের তালিকায় ‘পাটুরিয়া-দৌলতদিয়া দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ’ অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে। যদিও মূল নির্মাণকাজের জন্য এখনো কোনো নির্দিষ্ট উন্নয়ন বরাদ্দ অনুমোদিত হয়নি।
তবে প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার উদ্দেশ্যে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়ন থেকে ৪ কোটি ৫০ লাখ টাকা সংরক্ষণ করা হয়েছে। এই সমীক্ষার মাধ্যমে প্রকল্পটির কারিগরি সক্ষমতা, সম্ভাব্য ব্যয়, অর্থনৈতিক কার্যকারিতা এবং বাস্তবায়নসংক্রান্ত বিভিন্ন দিক বিশ্লেষণ করা হবে।
সরকারের আশা, সমীক্ষার ফলাফল ভবিষ্যতে দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নের বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণে সহায়ক ভূমিকা রাখবে।

