চীনের ডালিয়ানে অনুষ্ঠিত আন্তর্জাতিক কর্মসূচি শেষ করে দেশটির রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন) স্থানীয় সময় দুপুরে ডালিয়ান থেকে হাই-স্পিড ট্রেনে যাত্রা শুরু করে বিকেল ৫টা ৩৫ মিনিটে তিনি বেইজিংয়ে পৌঁছান। সফরে তার সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

এর আগে একই দিন সকালে ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘সামার দাভোস’ নামে পরিচিত ১৭তম বার্ষিক সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী। ‘নিউ চ্যাম্পিয়নস’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান, নীতিনির্ধারক এবং উচ্চপর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে বাংলাদেশসহ গিনি, কাজাখস্তান, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া ও মন্টিনিগ্রোর শীর্ষ নেতারাও অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের ফাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের সম্মেলনে ৯০টিরও বেশি দেশের প্রায় ১,৭০০ প্রতিনিধি, ব্যবসায়ী নেতা ও নীতিনির্ধারক অংশ নিচ্ছেন। বৈশ্বিক অর্থনীতি, প্রযুক্তিগত অগ্রগতি এবং ভবিষ্যৎ উন্নয়ন কৌশল নিয়ে সেখানে বিভিন্ন সেশন অনুষ্ঠিত হচ্ছে।

Share.
Leave A Reply

Exit mobile version