জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, রাষ্ট্র পরিচালনার সব কার্যক্রমের মধ্যে সংসদ অধিবেশনই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই মন্ত্রীদের নিয়মিত ও সময়মতো সংসদে উপস্থিত থাকার ওপর তিনি গুরুত্বারোপ করেছেন।

মঙ্গলবার সংসদ অধিবেশনে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বিভিন্ন মন্ত্রণালয়ের আলোচনার সময় সংশ্লিষ্ট মন্ত্রীদের অনুপস্থিতির বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, এতে সংসদীয় কার্যক্রমের কার্যকারিতা ও গুরুত্ব ক্ষুণ্ন হয়।

জবাবে স্পিকার বলেন, মন্ত্রীরা যেন সংসদে উপস্থিত থেকে নিজ নিজ মন্ত্রণালয় সম্পর্কিত আলোচনা শোনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। তিনি সংসদ সদস্যদেরও নিজ আসনে বসে কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান এবং অপ্রয়োজনীয় আলাপ-আলোচনা এড়িয়ে চলতে বলেন।

অধিবেশনে আরও কিছু সদস্য বিভিন্ন সমসাময়িক বিষয় উত্থাপন করেন। এ সময় স্পিকার মন্তব্য করেন, গুজব বা বিচারাধীন বিষয় নিয়ে অযথা আলোচনা করে সংসদের মূল্যবান সময় নষ্ট করা উচিত নয়। তিনি জানান, অসুস্থ বিএনপি নেতা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে তিনি নিজেই চিঠির মাধ্যমে জানিয়েছেন।

স্পিকার সংসদের মর্যাদা ও কার্যকারিতা বজায় রাখতে সব সদস্যকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

Share.
Leave A Reply

Exit mobile version