জাতীয় সংসদ ভবনের কয়েকটি অংশে ফাটল সৃষ্টি হওয়া এবং বৃষ্টির সময় পানি চুইয়ে পড়ার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংসদ সদস্যরা। দেশের গুরুত্বপূর্ণ এই স্থাপনার নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সোমবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বিষয়টি উত্থাপন করেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য রাশেদুল ইসলাম রাশেদ। তিনি সংসদ ভবনের অবকাঠামোগত সমস্যাগুলোর প্রতি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় সংস্কার কাজ দ্রুত শুরু করার অনুরোধ জানান।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তিনি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ করেন। তবে সংসদ সচিবালয়-সংশ্লিষ্ট বিষয় হওয়ায় সংসদীয় বিধি অনুযায়ী নোটিশটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়নি।
এদিকে একই অধিবেশনে আরেক সংসদ সদস্য মুজিবুর রহমান সংসদ সদস্যদের পরিচিতি আরও সহজ করার প্রস্তাব দেন। তিনি বলেন, টেলিভিশনে সংসদীয় কার্যক্রম সম্প্রচারের সময় বক্তার নাম ও নির্বাচনী এলাকার তথ্য প্রদর্শন করা হলে দর্শকরা সহজেই সংশ্লিষ্ট সদস্যকে শনাক্ত করতে পারবেন।
স্পিকার এ প্রস্তাবকে যৌক্তিক বলে উল্লেখ করেন এবং সংসদ সচিবালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এর ফলে ভবিষ্যতে সংসদ অধিবেশনের সম্প্রচারে সদস্যদের নাম ও নির্বাচনী এলাকার তথ্য প্রদর্শনের উদ্যোগ নেওয়া হবে বলে জানা গেছে।

