আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি আবারও প্রমাণ করলেন বয়স তার পারফরম্যান্সের পথে কোনো বাধা নয়। ৩৯তম জন্মদিনের ঠিক আগে বিশ্বকাপের মঞ্চে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করে দলকে দুর্দান্ত সূচনা এনে দিয়েছেন তিনি।

আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে আর্জেন্টিনার হয়ে তিনটি গোলই করেন মেসি। উল্লেখযোগ্য বিষয় হলো, দুই দশক আগে বিশ্বকাপে অভিষেক ম্যাচে গোল করার পর ঠিক একই দিনে তিনি নতুন এই মাইলফলক স্পর্শ করলেন।

মেসির অসাধারণ পারফরম্যান্সের পর বিশ্ব ফুটবলের সাবেক ও বর্তমান তারকারা তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। ইংল্যান্ডের সাবেক ফুটবলার লিওন ওসমান মন্তব্য করেছেন, বিশ্বকাপে এটি মেসির প্রথম হ্যাটট্রিক হওয়াটাই বরং বিস্ময়ের বিষয়।

ফ্রান্সের কিংবদন্তি থিয়েরি অঁরি বলেছেন, মেসি সবসময়ই অন্যদের চেয়ে আলাদা। অন্যদিকে সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচও মেসির পারফরম্যান্স উপভোগ করার আহ্বান জানিয়ে তার প্রশংসা করেছেন।

চলতি বিশ্বকাপে কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ডও নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। তবে প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন মেসি।

সাবেক মার্কিন ফুটবলার অ্যালেক্সি লালাস মজার ছলে বলেন, মেসির এমন পারফরম্যান্স দেখে প্রতিদ্বন্দ্বী তারকারা নতুন করে চাপে পড়তে পারেন। তার মতে, বিশ্বকাপের মঞ্চে নিজেদের প্রভাব দেখানোর সময় এখন অন্য তারকাদের।

সামাজিক যোগাযোগমাধ্যমেও মেসিকে ঘিরে চলছে ব্যাপক আলোচনা। অস্ট্রেলিয়ার সাবেক ফুটবলার ক্রেগ ফস্টার তাকে ‘ভিন্ন গ্রহের ফুটবলার’ বলে উল্লেখ করেছেন। বক্সিং কিংবদন্তি মাইক টাইসন এবং নরওয়ের স্ট্রাইকার আর্লিং হালান্ডও সামাজিক মাধ্যমে মেসির প্রশংসা করেছেন।

বিশ্বকাপের প্রথম ম্যাচ শেষে গোলদাতাদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন মেসি। টুর্নামেন্টের বাকি পথেও তার কাছ থেকে আরও নতুন রেকর্ড ও স্মরণীয় মুহূর্ত দেখার অপেক্ষায় রয়েছে ফুটবলপ্রেমীরা।

Share.
Leave A Reply

Exit mobile version