চলমান ফুটবল বিশ্বকাপ ঘিরে দেশের ক্রীড়াপ্রেমীদের আগ্রহের কমতি নেই। রাজনৈতিক ও রাষ্ট্রীয় নানা আলোচনার মধ্যেও বিশ্বকাপ প্রসঙ্গ উঠে এলে নিজের পছন্দের দল নিয়ে এক মজার মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় বিভিন্ন জাতীয় ইস্যুর পাশাপাশি বিশ্বকাপ ফুটবল নিয়েও কথা হয়। একপর্যায়ে একজন সাংবাদিক প্রধানমন্ত্রীর কাছে জানতে চান, এবারের বিশ্বকাপে তিনি কোন দলের সমর্থক।

প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সরাসরি কোনো দেশের নাম উল্লেখ না করে হাসিমুখে বলেন, “অনেক দিন তো একটা দেশে ছিলাম।”

তার এই সংক্ষিপ্ত মন্তব্যে উপস্থিতদের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়। যদিও তিনি স্পষ্টভাবে কোনো দলের নাম বলেননি, তবে দীর্ঘ সময় যুক্তরাজ্যে বসবাসের বিষয়টি সামনে আসায় অনেকেই এটিকে ইংল্যান্ড দলের প্রতি তার সমর্থনের ইঙ্গিত হিসেবে দেখছেন।

অনুষ্ঠানে মূলত দেশের রাজনৈতিক পরিস্থিতি, সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা এবং গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে বিশ্বকাপ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর এই মন্তব্যটি উপস্থিত সাংবাদিকদের মধ্যে আলাদা আগ্রহের জন্ম দেয়।

উল্লেখ্য, ২০০৮ সালে দেশ ছাড়ার পর তারেক রহমান দীর্ঘ সময় যুক্তরাজ্যে অবস্থান করেন। প্রায় ১৭ বছর পর তিনি দেশে ফিরে আসেন। ফলে যুক্তরাজ্যের সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনের সঙ্গে তার পরিচিতি ও সম্পৃক্ততা তৈরি হওয়াটা স্বাভাবিক বলেই মনে করছেন অনেকে।

যদিও প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে কোনো দলের প্রতি সমর্থনের কথা ঘোষণা করেননি, তবুও তার বক্তব্যের পর ফুটবলপ্রেমীদের মধ্যে ইংল্যান্ড দলকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version