২০২১ সালের কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে তাদেরই ঘরের মাঠ মারাকানায় হারিয়ে আর্জেন্টিনার দীর্ঘ শিরোপাখরা কাটে। সেই ঐতিহাসিক জয়ই পরবর্তী সময় দলের সাফল্যের ভিত্তি তৈরি করে বলে মনে করেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি।

আনহেল দি মারিয়ার একমাত্র গোলে ওই ম্যাচে স্বাগতিক ব্রাজিলকে হারিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা। এরপর থেকেই বদলে যায় আলবিসেলেস্তেদের ভাগ্য।

পরবর্তীতে ২০২২ সালে ফিনালিসিমা ও বিশ্বকাপ এবং ২০২৪ সালে কোপা আমেরিকা—একাধিক বড় শিরোপা জিতে বিশ্ব ফুটবলে নিজেদের অবস্থান আরও শক্ত করে আর্জেন্টিনা।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামার আগে ওতামেন্দি বলেন, মারাকানার জয়ই ছিল টার্নিং পয়েন্ট। তার ভাষায়, ওই ম্যাচের পর দল বুঝতে পারে তারা বড় কিছু অর্জন করতে পারে।

তিনি আরও জানান, সেই সময় থেকেই আর্জেন্টিনা প্রতিটি টুর্নামেন্টে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামে এবং দলীয় ঐক্যই তাদের সাফল্যের মূল শক্তি হয়ে ওঠে।

৩৮ বছর বয়সী এই ডিফেন্ডার জানান, ২০২৬ বিশ্বকাপই তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ হতে পারে। টুর্নামেন্ট শেষে জাতীয় দল থেকে বিদায়ের ইঙ্গিতও দিয়েছেন তিনি।

ওতামেন্দি বলেন, তিনি প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন এবং শেষবারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়েই মাঠে নামছেন।

আর্জেন্টিনা তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে বুধবার আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। অভিজ্ঞ এই ডিফেন্ডারের লক্ষ্য, শেষ বিশ্বকাপেও দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা।

Share.
Leave A Reply

Exit mobile version