দীর্ঘ ৩৬ বছর পর আবারও ফিফা বিশ্বকাপের মঞ্চে জয়ের স্বাদ পেল স্কটল্যান্ড। রোববার (১৪ জুন) বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত গ্রুপ ‘সি’-এর ম্যাচে হাইতিকে ১-০ গোলে হারিয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট অর্জন করেছে স্কটিশরা।

বিশ্বকাপে ২৮ বছর পর ফিরে আসা স্কটল্যান্ডের জন্য এটি একটি স্মরণীয় জয়। এর আগে দলটি সর্বশেষ বিশ্বকাপ ম্যাচে জয় পেয়েছিল ১৯৯০ সালে, যখন তারা সুইডেনকে ২-১ ব্যবধানে পরাজিত করেছিল। এরপর ১৯৯৮ আসরে অংশ নিলেও কোনো ম্যাচে জয় তুলে নিতে পারেনি তারা।

হাইতির বিপক্ষে ম্যাচের প্রথমার্ধেই এগিয়ে যায় স্কটল্যান্ড। ২৮তম মিনিটে জন ম্যাকগিনের করা একমাত্র গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে প্রায় তিন দশক পর স্কটল্যান্ডের হয়ে গোলদাতার তালিকায় নাম লেখালেন তিনি।

গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা করে হাইতি। দ্বিতীয়ার্ধে বেশ কয়েকবার আক্রমণে উঠলেও স্কটল্যান্ডের সুসংগঠিত রক্ষণভাগ ভেদ করতে ব্যর্থ হয় দলটি। ফলে শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে স্কটল্যান্ড।

এই জয়ের ফলে গ্রুপ ‘সি’-এর পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে স্কটিশরা। একই গ্রুপের অপর ম্যাচে ব্রাজিল ও মরক্কো ১-১ গোলে ড্র করায় তারা যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে। অন্যদিকে এখনও কোনো পয়েন্ট না পাওয়ায় গ্রুপের তলানিতে অবস্থান করছে হাইতি।

গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে স্কটল্যান্ড। অন্য ম্যাচে শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে হাইতি।

Share.
Leave A Reply

Exit mobile version