রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন তার বাবা আব্দুল হান্নান মোল্লা। তবে তিনি দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন।
রোববার (৭ জুন) দুপুরে পল্লবীর মিল্লাত ক্যাম্পসংলগ্ন ৭ নম্বর লাইনে নিজ বাসার সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
আব্দুল হান্নান মোল্লা বলেন, মেয়ের মৃত্যুর বেদনা কোনোদিনই মুছে যাবে না। শেষ নিঃশ্বাস পর্যন্ত রামিসার সহ্য করা যন্ত্রণা তিনি ভুলতে পারবেন না।
তিনি বলেন, “আমি একজন বাবা। আমার সন্তানের মৃত্যুর কষ্ট কখনও পূরণ হওয়ার নয়। আমি তাকে আর কোনোদিন ফিরে পাবো না।”
তিনি আরও জানান, এ ঘটনায় সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে আইন-শৃঙ্খলা বাহিনী, তদন্ত সংস্থা ও গণমাধ্যমকর্মীরা তাকে সহযোগিতা করেছেন, যার জন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞ।
এর আগে এই মামলায় আদালত দুই আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করেন। রায়ের পর দ্রুততম সময়ের মধ্যে দণ্ড কার্যকর করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন রামিসার বাবা।
এ ঘটনায় পুরো এলাকায় শোক ও ক্ষোভের আবহ বিরাজ করছে।

