ঢাকা, ৭ জুন: জাতীয় সংসদে দেওয়া প্রতিশ্রুতি নির্ধারিত সময়ে বাস্তবায়ন না হওয়ায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহামুদকে সতর্ক করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ভবিষ্যতে সংসদে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে সংশ্লিষ্ট সব বিষয় ভালোভাবে পর্যালোচনা করার পরামর্শ দিয়েছেন তিনি।
রোববার (৭ জুন) জাতীয় সংসদের অধিবেশনে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ বিষয়ে সংসদ সদস্য রুমিন ফারহানার এক সম্পূরক প্রশ্নের জবাবকে কেন্দ্র করে এ মন্তব্য করেন স্পিকার।
অধিবেশনে রুমিন ফারহানা মন্ত্রীর দেওয়া আগের একটি প্রতিশ্রুতির প্রসঙ্গ তুলে ধরে বলেন, “মন্ত্রী এই মহান সংসদে দাঁড়িয়ে আমাকে কথা দিয়েছিলেন যে পহেলা মে’র মধ্যে আশুগঞ্জ ফার্টিলাইজার কারখানায় গ্যাস সংযোগ দেওয়া হবে। কিন্তু এক মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত সেখানে গ্যাস সরবরাহ শুরু হয়নি।”
তিনি আশুগঞ্জ সার কারখানায় কবে নাগাদ গ্যাস সরবরাহ নিশ্চিত করা হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট সময়সীমা জানতে চান।
জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহামুদ বলেন, দেশে বর্তমানে গ্যাসের সীমাবদ্ধতা রয়েছে। এ কারণে সার কারখানার তুলনায় বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহকে অগ্রাধিকার দিতে হচ্ছে।
মন্ত্রী বলেন, “তিনি বিদ্যুৎও চান, আবার ফার্টিলাইজার কারখানায়ও গ্যাস চান। কিন্তু গ্যাসের একটি সীমাবদ্ধতা রয়েছে। বিদ্যুৎ উৎপাদন সচল রাখতে আমাদের বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হচ্ছে। সে কারণেই আপাতত সেখানে সংযোগ দেওয়া সম্ভব হয়নি।”
তিনি আরও জানান, দীর্ঘদিন দেশে নতুন কোনো গ্যাসক্ষেত্র খনন করা হয়নি। বর্তমান সরকার নতুন করে ড্রিলিং কার্যক্রম শুরু করেছে এবং ভবিষ্যতে নতুন গ্যাস পাওয়া গেলে শিল্পকারখানাগুলোতে সরবরাহ বাড়ানো সম্ভব হবে।
মন্ত্রীর বক্তব্যের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে আগের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, “মন্ত্রী, আপনি কিন্তু সংসদে বলেছিলেন এক তারিখ থেকে গ্যাস যাবে। সেটি বোধ হয় বাস্তবায়ন করা যায়নি।”
এ সময় স্পিকার ভবিষ্যতে সংসদে দেওয়া প্রতিশ্রুতির বিষয়ে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “সংসদে যে প্রতিশ্রুতি দেবেন, সেটি ড্রিলিংসহ অন্যান্য আনুষঙ্গিক বিষয় ভালোভাবে স্টাডি ও পর্যালোচনা করে তারপর দেবেন।”
স্পিকারের এ মন্তব্যের মাধ্যমে সংসদে দেওয়া সরকারি প্রতিশ্রুতির বাস্তবায়ন ও জবাবদিহিতার বিষয়টি আবারও আলোচনায় এসেছে।
