চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিয়েছেন চারজন বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী। দলটির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
শুক্রবার (৫ জুন) জেলার মতলব উত্তর উপজেলার ছেংগারচর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন। বিপুল জনসমাগমের কারণে অনুষ্ঠানটি একটি বড় রাজনৈতিক সমাবেশে পরিণত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ নিজামউদ্দিন, চাঁদপুর জেলা এনসিপির আহ্বায়ক মাহবুব আলম, সদস্য সচিব আমানউল্লাহ পাটওয়ারী, মতলব উত্তর উপজেলা আহ্বায়ক আরিফা তুহিন, সদস্য সচিব ইমাদ এবং চেয়ারম্যান পদপ্রার্থী ইদ্রিস আলীসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।
এছাড়া জাতীয় নাগরিক পার্টির সহযোগী সংগঠন ছাত্রশক্তি, যুবশক্তি, নারীশক্তি ও শ্রমিকশক্তির নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে বিএনপি, গণঅধিকার পরিষদ, আপ বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন থেকে দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থক এনসিপিতে যোগদান করেন। দলটির নেতারা বলেন, এই যোগদান নতুন রাজনৈতিক ধারার প্রতি জনগণের আস্থা ও সমর্থনের প্রতিফলন।
বিশেষভাবে আলোচনায় আসে চারজন বীর মুক্তিযোদ্ধার যোগদান। তারা হলেন আবু বকর সিদ্দিক, ওসমান গনি, রমিজ উদ্দিন ও মোহাম্মদ আলী। তাদের মধ্যে একজন মুক্তিযুদ্ধকালীন কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জনগণের অধিকার প্রতিষ্ঠা, তরুণ নেতৃত্বের বিকাশ এবং জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি নতুন যোগদানকারীদের জনগণের সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করার আহ্বান জানান।
দলটির ভাষ্যমতে, মতলব উত্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি প্রমাণ করেছে যে নতুন রাজনৈতিক সংস্কৃতির প্রতি জনগণের আগ্রহ ও প্রত্যাশা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

