ডেঙ্গু প্রতিরোধে রাজধানীজুড়ে কঠোর অভিযান শুরু করতে যাচ্ছে সরকার। কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে জমে থাকা পানি কিংবা এডিস মশার লার্ভা পাওয়া গেলে তাৎক্ষণিক জরিমানা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী Sardar Md. Sakhawat Hossain। তিনি জানান, আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই মোবাইল কোর্ট পরিচালনা শুরু হবে।
শনিবার (৬ জুন) সকালে রাজধানীর Rabindra Sarobar এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ বিশেষ অভিযান ও জনসচেতনতামূলক র্যালির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে রাজধানীর বিভিন্ন এলাকায় মাইকিং, জনসচেতনতামূলক প্রচারণা এবং বাসাবাড়ি পরিদর্শনের জন্য বিশেষ মোবাইল টিম কাজ করবে। কোনো বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস বা অন্যান্য স্থাপনায় জমা পানি বা এডিস মশার লার্ভা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠানে এ ধরনের অবহেলা পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তাকে এবং বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে জরিমানা করা হবে। এছাড়া পরিদর্শন দলের কাজে বাধা দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্ত্রী আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়; নাগরিকদেরও সচেতন হতে হবে। বাসাবাড়ি, ছাদ, বাগান, ফুলের টব, নারিকেলের খোসা, ড্রেন, অব্যবহৃত টয়লেট কিংবা যেকোনো পাত্রে যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডের মধ্যে প্রায় ৬০ শতাংশ এলাকায় এডিস মশার লার্ভা শনাক্ত হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এসব লার্ভা পূর্ণাঙ্গ মশায় পরিণত হলে ডেঙ্গু সংক্রমণের ঝুঁকি আরও বৃদ্ধি পাবে।
ডেঙ্গুকে প্রাণঘাতী রোগ উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোগটির কিছু ধরন গুরুতর রক্তক্ষরণসহ জটিলতা সৃষ্টি করতে পারে এবং অনেক ক্ষেত্রে মৃত্যুর কারণও হতে পারে। তাই ব্যক্তি, পরিবার ও প্রতিষ্ঠান পর্যায়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে Md. Abdus Salam-সহ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি র্যালি অনুষ্ঠিত হয়।
