ঢাকা: বন্ধ ও অলাভজনক সরকারি কারখানাগুলোতে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে শিগগিরই রোড শো আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে চলতি মাসের মধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত ‘শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কারখানা চালু ও ব্যবস্থাপনা’ বিষয়ক এক উচ্চপর্যায়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান শিপলু জানান, সভায় শিল্প মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা বন্ধ ও অলাভজনক কারখানাগুলোর বর্তমান অবস্থা, বিদ্যমান সমস্যা, সম্ভাবনা এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে বিস্তারিত উপস্থাপনা দেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বন্ধ কারখানাগুলো দ্রুত চালু করা এবং অলাভজনক শিল্পপ্রতিষ্ঠানগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের কার্যকর উপায় খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি এসব প্রতিষ্ঠানে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন।
সভায় জানানো হয়, বন্ধ শিল্পকারখানা পুনরায় চালু করা এবং লোকসানি প্রতিষ্ঠানগুলোকে টেকসই ও লাভজনক করার লক্ষ্যে বিশেষজ্ঞ কমিটির সুপারিশ গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ সময় বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, পরিকল্পিত রোড শোর মাধ্যমে দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ানো গেলে দীর্ঘদিন বন্ধ থাকা শিল্পকারখানাগুলো পুনরায় উৎপাদনে ফিরবে এবং কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।
