চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে ২৮ জন ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (৩ জুন) দিবাগত রাত ৩টার দিকে সীমান্তের ২০৩/৬-আর পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা গেছে, ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা ২৮ জন ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। এদের মধ্যে ১২ জন পুরুষ, ১০ জন নারী এবং ৬ জন শিশু রয়েছে।
খবর পেয়ে নওগাঁ ব্যাটালিয়নের অধীনস্থ বাঙ্গাবাড়ি বিওপির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সংশ্লিষ্ট ব্যক্তিদের সীমান্তের শূন্যরেখা এলাকায় অবস্থানরত অবস্থায় শনাক্ত করে। বর্তমানে তারা সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছেন।
বিজিবি জানিয়েছে, ঘটনাস্থলে বিএসএফ অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে এবং সীমান্তের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
নওগাঁর ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরেফুল ইসলাম মাসুম বলেন, সীমান্তে নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের পুনরায় ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
তিনি আরও জানান, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
