দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়ে ৩৪ দশমিক ৮২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (৩ জুন) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৩ জুন পর্যন্ত দেশের মোট (গ্রস) বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ হাজার ৮২১ দশমিক ৮৩ মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ ৩৪ দশমিক ৮২ বিলিয়ন ডলার।
অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) নির্ধারিত ব্যালান্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) পদ্ধতি অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৩০ হাজার ১৬০ দশমিক ৬০ মিলিয়ন মার্কিন ডলার।
এর আগে, গত ১ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৪ হাজার ৭৬৬ দশমিক ৯৯ মিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ৩০ হাজার ১০৭ দশমিক ৬১ মিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুসারে রিজার্ভ হিসাব করা হলে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দিয়ে প্রকৃত বা নিট রিজার্ভের হিসাব পাওয়া যায়। আন্তর্জাতিক মানদণ্ডে বর্তমানে এই পদ্ধতিকেই অধিক গ্রহণযোগ্য হিসেবে বিবেচনা করা হয়।
বিশ্লেষকদের মতে, রিজার্ভের এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেশের বৈদেশিক লেনদেন ব্যবস্থাপনা ও সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতার জন্য ইতিবাচক সংকেত হিসেবে বিবেচিত হতে পারে।
