খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে আগামী ১৪ জুন কক্সবাজার সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (৩ জুন) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

বৈঠকে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধ এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পানিসম্পদ মন্ত্রী বলেন, ২০১৬ সালে নেওয়া একটি বড় প্রকল্প ২০২৪ সালে শেষ হলেও এর সুফল এখনো পুরোপুরি পাচ্ছেন না সাধারণ মানুষ। ফলে ওই এলাকায় জলাবদ্ধতার সমস্যা অনেকাংশে রয়ে গেছে।

তিনি জানান, সমস্যার স্থায়ী সমাধান খুঁজতেই প্রধানমন্ত্রীর নির্দেশে এই বিশেষ বৈঠকের আয়োজন করা হয়। এতে পানিসম্পদ মন্ত্রণালয়ের পাশাপাশি ঢাকা ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ডিএনডি এলাকার চলমান প্রকল্পটি আগামী দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হবে।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগে এবার কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি এলাকার বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার বিষয়টিও সিটি করপোরেশন সরাসরি তদারকি করবে।

ডিএনডি এলাকার ড্রেনেজ ব্যবস্থার আরও উন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, এলাকায় অতিরিক্ত ৩০ কিলোমিটার নতুন ড্রেনেজ নেটওয়ার্ক উন্নয়নের বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনা হয়েছে। খুব শিগগিরই এ প্রকল্পের কাজ শুরু হবে এবং দ্রুত বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা থেকে এলাকাবাসীকে মুক্তি দেওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Share.
Leave A Reply

Exit mobile version