অর্থনৈতিক সংস্কার কর্মসূচিকে আরও শক্তিশালী করতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর কাছে নতুন ঋণ কর্মসূচির আবেদন জানিয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে সংস্থাটির কাছে আনুষ্ঠানিকভাবে একটি চিঠি পাঠানো হয়েছে।

বুধবার (৩ জুন) আইএমএফের বাংলাদেশ মিশনপ্রধান আইভো ক্রিজনার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ বর্তমানে আইএমএফের বর্ধিত ঋণ সহায়তা (ইসিএফ), বর্ধিত তহবিল সুবিধা (ইএফএফ) এবং রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটি (আরএসএফ) কর্মসূচির আওতায় রয়েছে। তবে ২০২৩ সালের জানুয়ারিতে অনুমোদিত এই কর্মসূচির পর দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে, যা সংস্কার কার্যক্রম বাস্তবায়নকে আরও জটিল করে তুলেছে।

আইএমএফের মতে, বর্তমান পরিস্থিতিতে ব্যাংকিং খাতের দুর্বলতা, নিম্ন রাজস্ব আহরণ এবং নতুন সংস্কার বাস্তবায়নের প্রয়োজনীয়তা আরও স্পষ্ট হয়ে উঠেছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় একটি নতুন কর্মসূচি প্রয়োজন হতে পারে বলে মনে করছে সংস্থাটি।

সংস্থাটি জানায়, বাংলাদেশের এই অনুরোধ একটি নতুন সম্ভাব্য কর্মসূচি নিয়ে আলোচনার সুযোগ তৈরি করেছে, যা বর্তমান অর্থনৈতিক বাস্তবতা এবং সরকারের নতুন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে পারে।

বিবৃতিতে আরও বলা হয়, নতুন কর্মসূচির অধীনে বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষা এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে শক্তিশালী নীতিগত সংস্কার প্রয়োজন হবে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আইএমএফের নির্বাহী পর্ষদের অনুমোদনের ওপর নির্ভর করবে।

আইভো ক্রিজনার জানান, আইএমএফের একটি প্রতিনিধি দল শিগগিরই বাংলাদেশ সফর করবে। ওই সফরে দেশের সাম্প্রতিক অর্থনৈতিক পরিস্থিতি, সংস্কার অগ্রাধিকার এবং ভবিষ্যৎ কর্মসূচির কাঠামো নিয়ে আলোচনা হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন আইএমএফ-সমর্থিত কর্মসূচির সম্ভাব্য মেয়াদ হতে পারে তিন বছর। এ সময় ব্যাংকিং খাত, রাজস্ব ব্যবস্থা এবং সামষ্টিক অর্থনীতিতে ধাপে ধাপে সংস্কার বাস্তবায়নের বিষয়টি গুরুত্ব পাবে।

উল্লেখ্য, ২০২২ সালের জুলাইয়ে বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষা এবং বাজেট সহায়তার জন্য বাংলাদেশ আইএমএফের কাছে ঋণ সহায়তা চেয়েছিল। পরে ৪৭০ কোটি ডলারের একটি কর্মসূচি অনুমোদিত হয়, যা পরবর্তীতে ৫৫০ কোটি ডলারে উন্নীত করা হয়।

অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নতুন কর্মসূচির সম্ভাব্য আকার ৪০০ থেকে ৪৫০ কোটি মার্কিন ডলারের মধ্যে হতে পারে।

Share.
Leave A Reply

Exit mobile version