কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। পরিদর্শনকালে ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ছয় চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালে গিয়ে চিকিৎসকদের উপস্থিতি ও স্বাস্থ্যসেবার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহিবুস সালাম খান-এর কাছে কয়েকজন চিকিৎসকের অনুপস্থিতির বিষয়ে জানতে চান সংসদ সদস্য।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে হাসপাতালে উপস্থিত হন ডেপুটি সিভিল সার্জন ডা. মো. সারোয়ার আকবর।
পরিদর্শনে দেখা যায়, কোনো ধরনের অনুমোদিত ছুটি ছাড়াই ছয়জন চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তাদের আগামী তিন কর্মদিবসের মধ্যে লিখিতভাবে অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করার নির্দেশ দেওয়া হয়েছে।
সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ জানান, হাসপাতালে কর্মরত ২৬ জন চিকিৎসকের মধ্যে ১২ জন উপস্থিত থেকে সেবা দিচ্ছিলেন। পাঁচজন ছুটিতে এবং তিনজন সরকারি কাজে বাইরে ছিলেন। বাকি ছয়জন কোনো গ্রহণযোগ্য কারণ ছাড়াই অনুপস্থিত ছিলেন।
তিনি বলেন, “অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”
এ সময় হাসপাতালের শৃঙ্খলা নিশ্চিত করতে স্বাস্থ্য কর্মকর্তাকে প্রতিদিন সকাল ৭টা ৪৫ মিনিটে চিকিৎসকদের ব্রিফিং এবং সকাল ৮টা ১৫ মিনিটে উপস্থিতি নথিভুক্ত করার নির্দেশ দেন তিনি। পাশাপাশি প্রতিদিনের উপস্থিতির তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানোর কথাও বলেন।
স্বাস্থ্যসেবার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, “চিকিৎসকদের কাজ শেখানোর উদ্দেশ্য আমাদের নয়। আপনারা দেশের মানুষের সেবা দেওয়ার জন্য এই পেশায় এসেছেন। জনগণকে যথাযথ সেবা দিন, আমরা আপনাদের সম্মান করব।”
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহিবুস সালাম খান বলেন, অনুপস্থিত চিকিৎসকদের শোকজ করা হয়েছে এবং আগামী তিন কর্মদিবসের মধ্যে তাদের লিখিত জবাব দিতে বলা হয়েছে। জবাব পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

