জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় থেকেই বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের ভিত্তি গড়ে ওঠে। তিনি উল্লেখ করেন, মুক্তিযুদ্ধের সময় মার্কিন কূটনীতিক আর্চার কেন্ট ব্লাড বাংলাদেশের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
মঙ্গলবার জাতীয় সংসদে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে স্পিকার বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সরকার বর্তমানে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করছে।
তিনি বলেন, দেশের সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে এবং বাংলাদেশের জনগণ সবসময় স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করে এসেছে। গণতন্ত্রের ধারাবাহিকতার মাধ্যমেই বাংলাদেশ প্রকৃত সমৃদ্ধি অর্জন করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
বৈঠকে উভয় পক্ষ যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা, প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি, জনগণের মধ্যে যোগাযোগ সম্প্রসারণ, পাচার হওয়া অর্থ উদ্ধারে সহযোগিতা এবং জ্বালানি সংকট মোকাবিলায় তেল-গ্যাস অনুসন্ধান নিয়ে আলোচনা করেন।
স্পিকার বৈঠকে রোহিঙ্গা সংকটের বিষয়টিও তুলে ধরেন এবং এ সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের আরও সক্রিয় ভূমিকার আহ্বান জানান।
এ সময় রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন স্পিকারকে তার দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। বৈঠকে মার্কিন দূতাবাস ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
