বিদেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’ গঠন করেছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
সোমবার (১ জুন) মন্ত্রণালয়ের প্রশাসন শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, আদেশটি অবিলম্বে কার্যকর হবে এবং প্রবাসীরা এই সেলে সরাসরি অভিযোগ জমা দিতে পারবেন।
মন্ত্রী বলেন, প্রবাসীদের অভিযোগ গ্রহণ ও দ্রুত সমাধানের জন্য একটি কার্যকর ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। পাশাপাশি হোয়াটসঅ্যাপের মাধ্যমেও অভিযোগ গ্রহণের পরিকল্পনা রয়েছে, যার বিস্তারিত প্রক্রিয়া শিগগিরই জানানো হবে।
অফিস আদেশ অনুযায়ী, মন্ত্রণালয়ের মনিটরিং ও এনফোর্সমেন্ট অনুবিভাগের অতিরিক্ত সচিব বা যুগ্ম সচিবকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের এই সেল গঠন করা হয়েছে।
সেলের অন্যান্য সদস্যরা হলেন—কল্যাণ অধিশাখার যুগ্ম সচিব বা উপসচিব, আইন শাখার উপসচিব বা সিনিয়র সহকারী সচিব, সেবা ও প্রটোকল শাখার উপসচিব বা সিনিয়র সহকারী সচিব এবং এনফোর্সমেন্ট-২ শাখার সিনিয়র সহকারী সচিব। এর মধ্যে এনফোর্সমেন্ট-২ শাখার সিনিয়র সহকারী সচিব সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
মন্ত্রণালয়ের এই উদ্যোগের মাধ্যমে বিদেশে কর্মরত বাংলাদেশিদের বিভিন্ন প্রশাসনিক, আইনি ও কর্মসংস্থানসংক্রান্ত অভিযোগ দ্রুত সমাধানের পাশাপাশি প্রবাসী সেবার মান আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
