নিজস্ব প্রতিবেদক: পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। সোমবার (১ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
জানা গেছে, প্রধানমন্ত্রীর কাছে সশরীরে জমা দেওয়া পদত্যাগপত্রে ‘গৃহীত হলো’ উল্লেখ করে স্বাক্ষর ও তারিখ সংযুক্ত করা হয়েছে।
পদত্যাগপত্রে দীপেন দেওয়ান লিখেছেন, “আমি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছি। দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছি। শারীরিক অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করতে নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছি।”
তিনি আরও উল্লেখ করেন, “বর্তমান সরকারের উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা বজায় রাখার স্বার্থে আমার বর্তমান পদ থেকে অব্যাহতি গ্রহণ করা প্রয়োজন বলে মনে করছি। অতএব, আমার পদত্যাগপত্র গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।”
উল্লেখ্য, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন।
নির্বাচনের পর ১৭ ফেব্রুয়ারি গঠিত নতুন মন্ত্রিসভায় তিনি পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পান। তবে দায়িত্ব গ্রহণের প্রায় সাড়ে তিন মাসের মাথায় শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করলেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় তার শূন্য হওয়া পদে নতুন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নাম শিগগিরই ঘোষণা করা হতে পারে।

