যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Donald Trump দাবি করেছেন, নয় মাস আগে ইরানের ওপর বি-২ বোমারু বিমান দিয়ে হামলা না চালালে দেশটি ইতোমধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলত।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম Al Jazeera এ তথ্য প্রকাশ করেছে।

সাক্ষাৎকারে অতীতের মার্কিন সামরিক হস্তক্ষেপ নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প ইরাক যুদ্ধের সমালোচনা করেন। তিনি বলেন, “ইরাকে কী ঘটেছিল তা আপনারা দেখেছেন। আমরা সেখানে অত্যন্ত খারাপ পরিস্থিতি তৈরি করেছিলাম। আমরা যা করেছি তা ছিল চরম বোকামি। সত্যি বলতে, শুরুতেই আমাদের সেখানে যাওয়া উচিত হয়নি।”

ইরান প্রসঙ্গে ট্রাম্প বলেন, “ইরানেও আমাদের থাকা উচিত ছিল না। তবে তাদের সেই সক্ষমতা ছিল। আমরা যদি নয় মাস আগে বি-২ বোমারু বিমান দিয়ে হামলা না চালাতাম, তাহলে এতক্ষণে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলত এবং পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হতো।”

তিনি আরও দাবি করেন, এমন পরিস্থিতিতে হয়তো Israel-এর অস্তিত্বই হুমকির মুখে পড়ত এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক বাস্তবতাও সম্পূর্ণ বদলে যেত।

সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে ইরানের সামরিক বাহিনীকে প্রধান লক্ষ্যবস্তু করেনি।

তার ভাষায়, “তাদের সামরিক বাহিনীকে আমরা অনেকটা ছেড়ে দিয়েছি, কারণ আমরা মনে করি তাদের সামরিক বাহিনীর কিছু অংশ মধ্যপন্থী। তবে কিছু ব্যক্তি ছিল যারা মধ্যপন্থী নয়। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি এবং নেতৃত্বের বিভিন্ন স্তরের লোকদের সরিয়ে দিয়েছি।”

ট্রাম্প বলেন, অতীতে অনেক যুদ্ধে এমন ভুল হয়েছে যেখানে পুরো রাষ্ট্রীয় কাঠামো ধ্বংস হয়ে যাওয়ায় সংশ্লিষ্ট দেশগুলো কয়েক দশকেও পুনর্গঠন করতে পারেনি। সেই অভিজ্ঞতা থেকেই ইরানের সামরিক বাহিনীকে পুরোপুরি ধ্বংস করা হয়নি বলে তিনি উল্লেখ করেন।

Share.
Leave A Reply

Exit mobile version