সুইজারল্যান্ডের উইন্টারথার শহরে একটি কেন্দ্রীয় রেলস্টেশন সংলগ্ন এলাকায় ছুরিকাঘাতের ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মে) সকালে জুরিখের কাছাকাছি এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
ঘটনার পরপরই পুলিশ সন্দেহভাজন হামলাকারীকে আটক করে এবং ঘটনার কারণ ও উদ্দেশ্য খতিয়ে দেখতে তদন্ত শুরু করে।
জুরিখ আঞ্চলিক পুলিশের তথ্য অনুযায়ী, সকাল সাড়ে ৮টার কিছু পর স্টেশন এলাকার কাছে হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে ২৮, ৪৩ ও ৫২ বছর বয়সী তিনজন সুইস নাগরিক রয়েছেন। তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাদের শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাতে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, হামলার সময় ওই ব্যক্তি উচ্চস্বরে ধর্মীয় স্লোগান দিচ্ছিলেন এবং হাতে ধারালো অস্ত্র নিয়ে স্টেশন এলাকার আশপাশে দৌড়াচ্ছিলেন। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা যায়, সন্দেহভাজন ব্যক্তি জনসমাগমপূর্ণ এলাকায় দ্রুত চলাচল করছেন। এ সময় কাছাকাছি অবস্থান করা একদল শিক্ষার্থীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেন তাদের শিক্ষক। ফলে কোনো শিক্ষার্থী হতাহত হয়নি।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তি ৩১ বছর বয়সী একজন সুইস নাগরিক এবং তিনি উইন্টারথার শহরের বাসিন্দা। শহরটি জুরিখের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত এবং এটি সুইজারল্যান্ডের অন্যতম গুরুত্বপূর্ণ নগর কেন্দ্র।
হামলার সঙ্গে কোনো উগ্রবাদী বা সংগঠিত গোষ্ঠীর সম্পৃক্ততা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে স্থানীয় পুলিশ ও সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলো যৌথভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হামলার উদ্দেশ্য সম্পর্কে চূড়ান্ত মন্তব্য করা হবে না। তবে জননিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
