ফেনীর দাগনভূঞা উপজেলায় ক্রেতা না পাওয়ায় শতাধিক গরুর চামড়া নদীতে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে। কোরবানির ঈদ উপলক্ষে সংগ্রহ করা এসব চামড়া বিক্রি করতে না পেরে হতাশ হয়ে এমন পদক্ষেপ নিয়েছেন দুই মৌসুমি ব্যবসায়ী।

শুক্রবার (২৯ মে) দুপুরে উপজেলার মাতুভূঞা ইউনিয়নের মোমারিজপুর এলাকার কাটাখালি নদীতে চামড়াগুলো ফেলে দেওয়া হয়। ঘটনার সঙ্গে জড়িত দুই ব্যবসায়ী হলেন স্থানীয় বাসিন্দা খুরশিদ আলম ও দিদারুল আলম।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি একটি সেতুর ওপর থেকে নদীতে গরুর চামড়া নিক্ষেপ করছেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর প্রশাসনের নজরে আসে বিষয়টি।

স্থানীয় সূত্র জানায়, ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত আয়ের আশায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে শতাধিক গরুর চামড়া সংগ্রহ করেছিলেন ওই দুই ব্যবসায়ী। তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো পাইকারি ক্রেতা না পাওয়ায় তারা চরম লোকসানের আশঙ্কায় পড়েন। দীর্ঘ সময় অপেক্ষার পরও বিক্রির সুযোগ না মেলায় শেষ পর্যন্ত চামড়াগুলো নদীতে ফেলে দেন।

ঘটনার পর দাগনভূঞা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম ঘটনাস্থল-সংশ্লিষ্ট এলাকায় গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। তিনি পরিবেশ দূষণের বিষয়টি তুলে ধরে তাদের কাছে ব্যাখ্যা চান।

ব্যবসায়ীরা নিজেদের ভুল স্বীকার করে প্রশাসনের কাছে দুঃখ প্রকাশ করেন। তারা জানান, আর্থিক ক্ষতির হতাশা থেকে এমন সিদ্ধান্ত নিয়েছিলেন এবং এর পরিবেশগত ক্ষতি সম্পর্কে সচেতন ছিলেন না।

এক ব্যবসায়ী বলেন, নদীতে চামড়া ফেলে দেওয়া ঠিক হয়নি এবং ভবিষ্যতে এমন কাজ আর করবেন না।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম বলেন, অভিযুক্তরা তাদের ভুল স্বীকার করেছেন এবং ভবিষ্যতে এমন ঘটনা পুনরাবৃত্তি না করার আশ্বাস দিয়েছেন। তিনি জানান, বিষয়টি আগে প্রশাসনকে জানালে বিকল্প সমাধানের চেষ্টা করা যেত।

এদিকে চলতি মৌসুমে কাঁচা চামড়ার বাজারে কাঙ্ক্ষিত মূল্য না পাওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলের মৌসুমি ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। সংশ্লিষ্টদের মতে, চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও বাজারজাতকরণে নানা সমস্যার কারণে এ খাতে সংকট তৈরি হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version