পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী এবং বিশ্বের সব মুসলমানকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৭ মে) দেওয়া এক শুভেচ্ছাবার্তায় তিনি ঈদুল আজহার ত্যাগ, আত্মশুদ্ধি ও তাকওয়ার শিক্ষাকে মানবজীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী বলেন, বছর ঘুরে আবারও মুসলিম উম্মাহর মাঝে এসেছে পবিত্র ঈদুল আজহা। এই মহিমান্বিত উৎসব উপলক্ষে তিনি দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে ঈদ মোবারক জানান এবং বিশ্ববাসীর প্রতি শুভেচ্ছা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, ঈদুল আজহা শুধু আনন্দের উৎসব নয়, এটি মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য, আত্মত্যাগ এবং আত্মনিবেদনের এক অনন্য প্রতীক। হযরত ইব্রাহিম (আ.)-এর অটল ঈমান, নিঃশর্ত আনুগত্য ও ত্যাগের আদর্শ মুসলিম উম্মাহর জন্য চিরন্তন অনুপ্রেরণা হয়ে রয়েছে।
প্রধানমন্ত্রী আল্লাহর দরবারে প্রার্থনা করে বলেন, মহান আল্লাহ যেন সবার কোরবানি ও ইবাদত কবুল করেন এবং বাংলাদেশসহ সমগ্র মুসলিম বিশ্বে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন।
একই সঙ্গে তিনি বিশ্বব্যাপী শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ কামনা করেন। শুভেচ্ছাবার্তার শেষাংশে প্রধানমন্ত্রী বলেন, ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক পবিত্র ঈদুল আজহা এবং আল্লাহর রহমত ও বরকতে সবার জীবন শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক।

