পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটিতে অনেকটাই ফাঁকা হয়ে পড়েছে রাজধানী ঢাকা। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে গ্রামের বাড়ির উদ্দেশে নগর ছাড়ছেন লাখো মানুষ। ফলে ব্যস্ত নগরী ঢাকার চিরচেনা যানজট এখন অনেকটাই অনুপস্থিত।

ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের সাধারণ সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। তবে দীর্ঘ ছুটির সমন্বয়ের অংশ হিসেবে গত ২৩ মে শনিবার সাপ্তাহিক ছুটি বাতিল করে অফিস খোলা রাখা হয়েছিল। আগামী ১ জুন সোমবার থেকে অফিস-আদালত ও ব্যাংকের কার্যক্রম আবারও স্বাভাবিকভাবে শুরু হবে।

মঙ্গলবার (২৬ মে) সকাল থেকে রাজধানীর মিরপুর, বনানী, খিলক্ষেতসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সড়কগুলো এখন অনেকটাই ফাঁকা। যেখানে সাধারণ দিনে দীর্ঘ যানজট ও যানবাহনের চাপ থাকে, সেখানে এখন স্বস্তির পরিবেশ বিরাজ করছে।

যদিও কিছু এলাকায় সীমিত সংখ্যক যানবাহন চলাচল করছে, তবুও রাজধানীর সড়কজুড়ে নেই আগের মতো চাপ বা ভোগান্তি।

সড়কে গণপরিবহনের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বিভিন্ন রুটে চলাচলকারী বাসগুলোকে দীর্ঘ সময় স্ট্যান্ডে দাঁড়িয়ে যাত্রীর অপেক্ষা করতে দেখা গেছে।

একজন বাস হেলপার জানান, “ঈদের ছুটি শুরু হওয়ার পর থেকেই যাত্রী কমে গেছে। মানুষ গ্রামের বাড়িতে চলে যাওয়ায় এখন আগের মতো চাপ নেই। দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও বাস ভর্তি হচ্ছে না।”

এদিকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও পয়েন্টে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ সদস্যদেরও তুলনামূলক স্বস্তিতে কাজ করতে দেখা গেছে। যানবাহনের চাপ কম থাকায় অধিকাংশ সিগন্যালেই স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করেছেন তারা।

অনেক এলাকাতেই যান চলাচল নিয়ন্ত্রণে অতিরিক্ত চাপের মুখোমুখি হতে হয়নি ট্রাফিক সদস্যদের। ফলে ঈদের ছুটিতে রাজধানীতে স্বস্তির এক ভিন্ন চিত্র দেখা যাচ্ছে।

Share.
Leave A Reply

Exit mobile version