ভারতের তামিলনাড়ুর কোয়েম্বাটুরে ১০ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়ন ও হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত মামলা দায়ের, তদন্ত সম্পন্ন এবং কঠোর শাস্তি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়, যিনি ‘থালাপতি’ নামেও পরিচিত।

সোমবার (২৫ মে) আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে তিনি এ নির্দেশনা দেন।

মুখ্যমন্ত্রী বলেন, নারী ও শিশুর বিরুদ্ধে এ ধরনের জঘন্য অপরাধ কোনোভাবেই সহ্য করা হবে না। যৌন নিপীড়ন ও হত্যার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী অ্যাটর্নি জেনারেলকে নারী ও শিশুবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন। একই সঙ্গে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ এবং জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী ভুক্তভোগী শিশুর পরিবারের সঙ্গে কথা বলে তাদের ন্যায়বিচারের আশ্বাস দিয়েছেন।

রাজ্য সরকারের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, যৌন নিপীড়নের মামলাগুলো দ্রুততার সঙ্গে নিষ্পত্তি করতে হবে এবং সঠিকভাবে মামলা পরিচালনার মাধ্যমে অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে এটি অন্যদের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করে।

সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে মুখ্য সচিব এম সাইকুমার, স্বরাষ্ট্র সচিব কে মণিবাসন, অ্যাটর্নি জেনারেল বিজয় নারায়ণ, সমাজকল্যাণ ও নারী অধিকার বিভাগের সচিব মরিয়ম পল্লবী বলদেব, পুলিশ মহাপরিচালক সন্দীপ রায় রাঠোরসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

Exit mobile version