পবিত্র Eid al-Adha উপলক্ষে নারায়ণগঞ্জের কোরবানির পশুর হাট, মহাসড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে Rapid Action Battalion (র‍্যাব)-১১। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে টহল, গোয়েন্দা নজরদারি ও চেকপোস্ট কার্যক্রম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

রোববার (২৪ মে) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জ এলাকার কয়েকটি অস্থায়ী পশুর হাট পরিদর্শনকালে এসব তথ্য জানান র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার সিপিসি-১-এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ।

তিনি বলেন, ঈদকে সামনে রেখে পশুর হাটে মানুষের চলাচল, পশু পরিবহন ও কেনাবেচার সময় যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে লক্ষ্যে র‍্যাবের টহল টিম সার্বক্ষণিক মাঠে কাজ করছে।

আব্দুর রশিদ আরও জানান, মহাসড়ক, সড়কপথ ও নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিয়মিত টহলের পাশাপাশি বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে র‍্যাবের গোয়েন্দা সদস্যরাও বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করছেন এবং তথ্য সংগ্রহ করছেন।

তিনি বলেন, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া মাত্র দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিশেষ অভিযান পরিচালনার জন্য প্রস্তুত রাখা হয়েছে বিশেষ ফোর্সও।

র‍্যাবের এই কর্মকর্তা জানান, ঈদের আগে ও পরে—উভয় সময়েই নারায়ণগঞ্জজুড়ে টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে, যাতে মানুষ শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে ঈদ উদযাপন করতে পারেন।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জবাসীকে নিরাপদ ও স্বস্তির ঈদ উপহার দিতে র‍্যাব-১১ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

Share.
Leave A Reply

Exit mobile version