পাবনার সাঁথিয়ায় অস্থায়ী পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হওয়ায় এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। স্থানীয়দের আশঙ্কা, পরিস্থিতি আরও খারাপ হলে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।

বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টা থেকে পবিত্র ঈদুল আজহার আগের রাত ১২টা পর্যন্ত সাঁথিয়া পৌরসভার ইছামতি নদীর ডাইকের পাশের এলাকায় এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাঁথিয়া বাজারসংলগ্ন ইছামতি নদীর তীরবর্তী পরিত্যক্ত স্থানে অস্থায়ী পশুর হাট বসানোর জন্য পৌরসভার পক্ষ থেকে জেলা প্রশাসকের অনুমতি চাওয়া হয়। অনুমোদনের পর গত ১৯ মে উপজেলা পরিষদ হলরুমে হাট ইজারার নিলামের আয়োজন করা হয়।

ইজারায় অংশ নিতে আগ্রহীরা নির্ধারিত শর্ত অনুযায়ী জনপ্রতি ২০ হাজার টাকা জমা দেন। মোট ২৬ জন অংশগ্রহণকারী নিলামে অংশ নেন। তবে নিলাম চলাকালে বিএনপি ও জামায়াত সমর্থিত অংশগ্রহণকারীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে প্রশাসন তাৎক্ষণিকভাবে নিলাম কার্যক্রম স্থগিত করে।

পরে বৃহস্পতিবার সকালে আবারও উভয় পক্ষকে নিয়ে নিলামের আয়োজন করা হলে দুই পক্ষের নেতাকর্মীরা বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিএনপির নেতাকর্মীরা হলরুম ত্যাগ করেন। পরে পুলিশ হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জামায়াত নেতাদের অভিযোগ, প্রশাসনের একটি অংশের যোগসাজশে অস্থায়ী পশুর হাটের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে বিএনপি নেতাদের দাবি, নিলামে অংশ নিতে গেলে তাদের হুমকি ও অপমান করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না বলেন, এখন পর্যন্ত কোনো পক্ষকে হাটের ইজারা দেওয়া হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ সময়ে পাঁচজনের বেশি মানুষের জমায়েত, সভা-সমাবেশ, মিছিল, মাইকিং এবং অস্ত্র বহন নিষিদ্ধ থাকবে।

Share.
Leave A Reply

Exit mobile version