ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ইস্যুতে তিনি যা চাইবেন, বেনিয়ামিন নেতানিয়াহু সেটাই করবেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ইরানের সঙ্গে কোনো সম্ভাব্য চুক্তি নিয়ে তার ‘তাড়াহুড়ো নেই’।
বুধবার (২০ মে) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব মন্তব্য করেন।
ইরানে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে সম্প্রতি নেতানিয়াহুকে কী বলেছেন—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “তিনি ঠিক আছেন। আমি তাকে যা করতে বলব, তিনি সেটাই করবেন।”
ইসরায়েলের প্রধানমন্ত্রীর প্রশংসা করে ট্রাম্প আরও বলেন, নেতানিয়াহু একজন “যুদ্ধকালীন প্রধানমন্ত্রী” এবং তিনি পরিস্থিতি সামাল দিতে সক্ষম।
ইরানের সঙ্গে সীমিত আকারের কোনো সমঝোতায় যুক্তরাষ্ট্র আগ্রহী কি না—এমন প্রশ্নে ট্রাম্প বলেন, তার মূল অগ্রাধিকার হচ্ছে হরমুজ প্রণালি উন্মুক্ত রাখা এবং বর্তমান যুদ্ধবিরতি বজায় রাখা।
সম্প্রতি মধ্যপ্রাচ্যের কয়েকটি মিত্র দেশের অনুরোধে ইরানের ওপর সম্ভাব্য একটি সামরিক হামলা স্থগিত করার ঘোষণা দেয় ওয়াশিংটন। এরপর থেকেই যুক্তরাষ্ট্র কূটনৈতিক সমাধানের বিষয়ে নমনীয় অবস্থানের ইঙ্গিত দিলেও সময়সীমা নিয়ে স্পষ্ট কিছু জানায়নি।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বক্তব্য মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্ক এবং ইরান নীতির ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে।
