
পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শুরু হচ্ছে দীর্ঘ ছুটি। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, স্কুল-কলেজে টানা ১৬ দিনের এবং মাদরাসাগুলোতে সর্বোচ্চ ২৩ দিনের বিরতি পাচ্ছেন শিক্ষার্থীরা।
শিক্ষাপঞ্জি অনুযায়ী, আগামী ২৪ মে থেকে আনুষ্ঠানিকভাবে ঈদ ও গরমের ছুটি শুরু হওয়ার কথা থাকলেও ২২ ও ২৩ মে সাপ্তাহিক ছুটি হওয়ায় আগামী ২১ মে বৃহস্পতিবারই হবে অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের শেষ কার্যদিবস।
সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি চলবে আগামী ৪ জুন পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি শেষে ৭ জুন রোববার থেকে পুনরায় শ্রেণিকক্ষের কার্যক্রম শুরু হবে। ফলে শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ মোট ১৬ দিনের দীর্ঘ বিরতি উপভোগ করার সুযোগ পাচ্ছেন।
অন্যদিকে, দেশের মাদরাসাগুলোতে ছুটির সময় আরও বেশি নির্ধারণ করা হয়েছে। ইবতেদায়ি থেকে কামিল স্তর পর্যন্ত সব মাদরাসায় ২২ মে থেকে ছুটি শুরু হয়ে চলবে ১১ জুন পর্যন্ত। এরপর ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন রোববার থেকে পুনরায় শিক্ষা কার্যক্রম চালু হবে। সব মিলিয়ে মাদরাসার শিক্ষার্থীরা প্রায় ২৩ দিনের ছুটি পাচ্ছেন।
শিক্ষাপঞ্জি অনুযায়ী, আগামী কয়েক মাসেও বিভিন্ন ধর্মীয় ও জাতীয় দিবস উপলক্ষে আরও কয়েকটি সরকারি ছুটি রয়েছে। এর মধ্যে রয়েছে আষাঢ়ী পূর্ণিমা, জুলাই গণঅভ্যুত্থান দিবস, আখেরি চাহার শোম্বা, ঈদে মিলাদুন্নবী (সা.), শুভ জন্মাষ্টমী এবং ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে নির্ধারিত বন্ধ।
দীর্ঘ ছুটির খবর ছড়িয়ে পড়ার পর থেকেই শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। অনেক পরিবার ইতোমধ্যে ঈদ উদযাপনের জন্য গ্রামের বাড়ি বা ভ্রমণের পরিকল্পনা শুরু করেছে।