আজ বিশ্ব জাদুঘর দিবস। প্রতি বছর ১৮ মে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়। এবারের প্রতিপাদ্য—‘বিভক্ত বিশ্বকে একত্র করছে জাদুঘর’।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘর নানা কর্মসূচির আয়োজন করেছে। সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কেন্দ্রে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই সময় জাদুঘর প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা ঘুরে আবার জাদুঘরে ফিরে আসবে।
এছাড়া বেলা ১১টায় বিশেষ প্রদর্শনী এবং সাড়ে ১১টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব আয়োজনের মাধ্যমে জাদুঘরের গুরুত্ব ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরা হবে।
দিবসটি প্রথম চালু করে ইন্টারন্যাশনাল কাউন্সিল অব মিউজিয়ামস (আইকম) ১৯৭৭ সালে। এর লক্ষ্য ছিল বিশ্বজুড়ে জাদুঘরগুলোর মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং সমাজে তাদের ভূমিকা সম্পর্কে সচেতনতা তৈরি করা।
জাদুঘর মানুষের প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি শিক্ষার্থী, গবেষক ও সাধারণ মানুষের জ্ঞান অর্জনের ক্ষেত্র হিসেবেও জাদুঘরের গুরুত্ব অপরিসীম।
উল্লেখ্য, বাংলাদেশে বর্তমানে ছোট-বড় মিলিয়ে প্রায় ১০৩টি জাদুঘর রয়েছে, যেগুলোর কার্যক্রম পরিচালিত হচ্ছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের অধীনে।
