ভারতের তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়ের সঙ্গে বৈঠক করেছেন বর্ষীয়ান অভিনেতা ও রাজনীতিবিদ কমল হাসান। বৈঠকে তামিল চলচ্চিত্র শিল্পের উন্নয়ন ও বর্তমান সংকট মোকাবেলায় তিনি ৬ দফা গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

গত ১০ মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শনিবার প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে মুখোমুখি হন দক্ষিণি চলচ্চিত্র জগতের দুই জনপ্রিয় তারকা।

বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানান কমল হাসান। তিনি বলেন, তামিল চলচ্চিত্র শিল্প বর্তমানে নানা ধরনের চ্যালেঞ্জের মুখে রয়েছে। এই পরিস্থিতিতে শিল্পটিকে টিকিয়ে রাখতে সরকারের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।

এক পোস্টে কমল হাসান লেখেন, “আমি ছয়টি গুরুত্বপূর্ণ দাবি উপস্থাপন করেছি। আমাদের চলচ্চিত্র শিল্পকে টিকিয়ে রাখতে এবং এগিয়ে নিতে সরকারের সমর্থন প্রয়োজন।”

বৈঠক নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের বিনয়ী আচরণ ও উন্নয়নমুখী পরিকল্পনারও প্রশংসা করেন।

কমল হাসানের মতে, বিজয়কে শুধু জনপ্রিয় চলচ্চিত্র তারকা হিসেবে দেখলে হবে না, রাজনৈতিক নেতৃত্ব হিসেবেও তার ভূমিকা গুরুত্বপূর্ণ।

যদিও দাবিগুলোর বিস্তারিত প্রকাশ করেননি কমল হাসান, তবে তিনি ইঙ্গিত দিয়েছেন—প্রযোজক ও প্রদর্শকদের ওপর বাড়তে থাকা আর্থিক চাপ, প্রেক্ষাগৃহ ব্যবসার সংকট এবং নীতিগত সহায়তার মতো বিষয়গুলো বৈঠকে গুরুত্ব পেয়েছে।

এর আগে তামিলনাড়ু সরকার মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের আশপাশে থাকা ৭১৭টি মদের দোকান বন্ধের যে সিদ্ধান্ত নেয়, সেটিকেও স্বাগত জানিয়েছিলেন কমল হাসান। তিনি এই উদ্যোগকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

বিশ্লেষকদের মতে, দক্ষিণ ভারতের রাজনীতিতে চলচ্চিত্র তারকাদের প্রভাব দীর্ঘদিনের। সেই ধারাবাহিকতায় থালাপতি বিজয় ও কমল হাসানের এই বৈঠক রাজনৈতিক অঙ্গনেও নতুন আলোচনার জন্ম দিয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version