প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে রাজনৈতিক অস্থিরতা তৈরির অপচেষ্টা রুখে দিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, একটি গোষ্ঠী রাজনীতির আড়ালে বিভ্রান্তি ও অরাজকতা ছড়ানোর চেষ্টা করছে, যা প্রতিহত করতে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
শনিবার (১৬ মে) বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠ-এ আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, তার দলের রাজনীতি উন্নয়নমুখী—যেখানে কৃষি উৎপাদন বৃদ্ধি, খাল খনন, শিল্পকারখানা স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করাই মূল লক্ষ্য।
চাঁদপুরসহ দেশের আরও ২০টি জেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, সরকারের নেওয়া প্রতিটি উদ্যোগই খেটে খাওয়া মানুষের জীবনমান উন্নয়নের জন্য পরিকল্পিত।
তিনি আরও বলেন, আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া হয়েছে। এখন সময় দেশ গঠনের এবং মানুষের ভাগ্য পরিবর্তনের।
সবার প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে সবাইকে সজাগ থাকতে হবে এবং যেকোনো বাধা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ জেড এম জাহিদ হোসেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন আ ন ম এহছানুল হক মিলন, ফারজানা শারমিনসহ স্থানীয় ও জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
