যুক্তরাজ্যের লন্ডন সফরকালে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সুদানের প্রধানমন্ত্রী ড. কামিল ইদ্রিস।
শনিবার সকালে শহরের একটি হোটেলে অনানুষ্ঠানিক এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতির একান্ত সচিব মো. দিদারুল আলম জানান, সাক্ষাৎকালে সুদানের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে ড. কামিল ইদ্রিস বাংলাদেশের জনগণের কল্যাণ ও রাষ্ট্রপতির সুস্বাস্থ্য কামনা করেন। জবাবে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সুদানের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন এবং দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন।
এ সময় সুদানের প্রধানমন্ত্রী তার দেশে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর অবদানের প্রশংসা করেন এবং বাংলাদেশের উন্নয়ন ধারাবাহিকভাবে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ শুভকামনার জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে বাংলাদেশ ও সুদানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন।
