বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গঠিত অ্যাডহক কমিটি বাতিলের দাবিতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। শনিবার (১৬ মে) এ আবেদন করেন বিসিবির সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ সাবেক ১১ জন পরিচালক—মোট ১২ জন।

রিটটি উপস্থাপনের জন্য বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি এ. এফ. এম. সাইফুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ থেকে অনুমতি নেওয়া হয়েছে। জানা গেছে, আগামী সপ্তাহে এ বিষয়ে শুনানি হতে পারে।

রিট আবেদনে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ৬ অক্টোবর বিসিবির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। তিন সদস্যের একটি স্বাধীন নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ওই নির্বাচন সম্পন্ন হয় এবং নির্বাচিতরা নিয়ম অনুযায়ী দায়িত্ব গ্রহণ করেন।

তবে চলতি বছরের ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ একটি তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বিসিবির নির্বাচিত কমিটি ভেঙে দেয়। এরপর জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে প্রধান করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়।

রিটকারীদের অভিযোগ, কমিটি ভেঙে দেওয়ার আগে তাদের কোনো নোটিশ দেওয়া হয়নি। এমনকি তদন্ত প্রতিবেদনের কপিও তাদের সরবরাহ করা হয়নি এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হয়নি। তারা জানান, গণমাধ্যমের মাধ্যমেই প্রথম এ সিদ্ধান্তের কথা জানতে পারেন।

এ পরিস্থিতিতে অ্যাডহক কমিটি গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের হস্তক্ষেপ কামনা করেছেন রিটকারীরা।

Share.
Leave A Reply

Exit mobile version