
“উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠন” প্রতিপাদ্যে রাঙামাটিতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা। শুক্রবার সকালে কুমার সুমিত রায় জিমনেসিয়ামে এ মেলার উদ্বোধন করেন রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী।
আগামী ১৭ মে পর্যন্ত চলা এই মেলায় জেলার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি ও বৈজ্ঞানিক প্রকল্প প্রদর্শন করছে। তবে দর্শনার্থীদের সবচেয়ে বেশি আকর্ষণ কাড়ছে লেকার্স পাবলিক স্কুল ও কলেজের শিক্ষার্থী সুজন চাকমা–র উদ্ভাবিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও বোমা নিষ্ক্রিয়কারী রোবট।
ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমা জানান, তার তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাডারের মাধ্যমে নিয়ন্ত্রিত। কোনো শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র দেশের আকাশসীমায় প্রবেশ করলেই সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়ে সেটিকে শনাক্ত করবে এবং ধ্বংস করার সক্ষমতা দেখাবে।
এছাড়াও তিনি একটি বিশেষ রোবট উপস্থাপন করেছেন, যা যেকোনো ধরনের বোমা নিষ্ক্রিয় করতে সক্ষম। যদি বোমা নিষ্ক্রিয় করা সম্ভব না হয়, তাহলে রোবটটি সেটিকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে বিস্ফোরণ ঘটাতে পারবে। সুজনের দাবি, এই রোবট ১৩০০ থেকে ১৫০০ ডিগ্রি তাপমাত্রাও সহ্য করতে সক্ষম।
তিনি মনে করেন, তার উদ্ভাবিত প্রযুক্তিগুলো আরও গবেষণা ও উন্নয়নের সুযোগ পেলে দেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী এবং পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বিজ্ঞান মেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) আলমগীর হোসেন এবং জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সরিৎ কুমার চাকমা।