দেশের ব্যাংকিং খাত নিয়ে উদ্বেগজনক মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। তিনি বলেছেন, স্বাধীনভাবে অডিট করা হলে দেশের প্রায় ৮০ শতাংশ ব্যাংক দেউলিয়া হয়ে পড়তে পারে।

বৃহস্পতিবার (১৪ মে) জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত ‘২০২৬-২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলাপ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

ড. মাহমুদুর রহমানের দাবি, অতীত সরকারের সময়ে বড় বড় প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক বিবেচনায় কিছু প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে, যার মধ্যে পদ্মাসেতুতে রেল সংযোগের বিষয়টিও উল্লেখ করেন।

এছাড়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের ফলে গাজীপুর অঞ্চলের পরিবেশ ও জনজীবনে নেতিবাচক প্রভাব পড়েছে বলেও তিনি মন্তব্য করেন।

শিক্ষা খাত নিয়েও সমালোচনা করে তিনি বলেন, আগের বছরগুলোতে শিক্ষকদের ওপর চাপ দিয়ে বেশি সংখ্যায় জিপিএ প্রদানের প্রবণতা তৈরি করা হয়েছিল।

আসন্ন বাজেট প্রসঙ্গে তিনি বলেন, মোট বাজেটের আকার বাড়ানোর চেয়ে দুর্নীতি ও অপচয় কমানোর দিকে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন।

গোলটেবিল বৈঠকে অংশ নেওয়া অন্যান্য বক্তারাও দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিকে চ্যালেঞ্জিং হিসেবে উল্লেখ করেন। তারা উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট এবং ব্যাংকিং খাতের অস্থিরতাকে আগামী বাজেটের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরেন।

Share.
Leave A Reply

Exit mobile version