
ভারতের রাজধানী দিল্লি-তে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের সাইডলাইনে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র সঙ্গে সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর এই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন তিনি।
সম্মেলনে সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিদের উদ্দেশে দেওয়া বক্তব্যে আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কঠোর সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, সম্প্রসারণবাদী নীতি ও সামরিক আগ্রাসনের কারণে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা বাড়ছে।
তিনি বলেন, গত এক বছরে ইরান দুই দফায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের “অবৈধ ও নৃশংস হামলার” শিকার হয়েছে। হামলার পক্ষে যেসব অভিযোগ তুলে ধরা হয়েছিল, সেগুলোকে “ভিত্তিহীন” বলেও দাবি করেন তিনি।
আরাগচির ভাষ্য অনুযায়ী, কিছু দেশ সামরিক অভিযানকে নিজেদের ভূ-রাজনৈতিক স্বার্থ রক্ষার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, যার প্রভাব পুরো অঞ্চলের পাশাপাশি বৈশ্বিক স্থিতিশীলতার ওপরও পড়ছে।
বুধবার “মিনাব ১৬৮” নামের একটি বিমানে করে ভারতে পৌঁছান আব্বাস আরাগচি। ইরানের মিনাব অঞ্চলের একটি স্কুলে হামলায় নিহত ১৬৮ শিশুর স্মরণে বিমানটির এ নামকরণ করা হয়েছে।