
রাজধানী ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মো. সুজাউদ্দৌলা সুজন মাহমুদ।
সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম, রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন-এর প্রশাসক আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-এর প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন এবং সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এটি প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে ঢাকার যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে অনুষ্ঠিত দ্বিতীয় সভা। সভায় রাজধানীর যানজট কমাতে সমন্বিত পরিকল্পনা, গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।