প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশের তৈরি পোশাক খাতের দুই শীর্ষ সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ’র কেন্দ্রীয় নেতারা। সোমবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দেশের রফতানি খাতের বর্তমান অবস্থা, সম্ভাবনা এবং শিল্পের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়।

বৈঠকে পোশাক ও নিটওয়্যার শিল্পের চলমান পরিস্থিতি, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা, রফতানি সম্প্রসারণ এবং শিল্প খাতের বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা তুলে ধরেন সংগঠন দুটির নেতারা। দেশের অর্থনীতিতে তৈরি পোশাক শিল্পের অবদান আরও বাড়াতে প্রয়োজনীয় সহযোগিতা ও নীতিগত সহায়তার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানা যায়, সরকার রফতানিমুখী শিল্পের উন্নয়ন এবং বৈশ্বিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে কাজ করছে। এ সময় শিল্প খাতের টেকসই প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বৃদ্ধির বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন। এছাড়া বিজিএমইএ ও বিকেএমইএ’র শীর্ষ নেতারাও বৈঠকে অংশ নেন।

বাংলাদেশের রফতানি আয়ের বড় অংশই আসে তৈরি পোশাক খাত থেকে। তাই এ শিল্পের উন্নয়ন ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ নিয়ে সরকারের সঙ্গে ব্যবসায়ী নেতাদের এই বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Share.
Leave A Reply

Exit mobile version