আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শুধু রাজনীতিতে গণতন্ত্র থাকলেই হবে না, অর্থনীতিতেও গণতন্ত্র নিশ্চিত করতে হবে। যারা এখনো মূলধারার অর্থনীতির বাইরে রয়েছে, তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল স্রোতে নিয়ে আসতে সরকার কাজ করছে।

রোববার (১০ মে) রাজধানীর আগারগাঁওয়ে অনানুষ্ঠানিক খাতের উন্নয়নে পিকেএসএফ ও বিশ্বব্যাংক-এর যৌথ প্রকল্প ‘রেইজ’-এর দ্বিতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, নাগরিক হিসেবে অর্থনৈতিক সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার সবার রয়েছে। সে কারণেই সরকার অর্থনীতির গণতন্ত্রীকরণের ওপর গুরুত্ব দিচ্ছে। তিনি জানান, যেকোনো প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে নির্দিষ্ট মানদণ্ড অনুসরণ করা হয় এবং সেই মানদণ্ড পূরণ না হলে সরকার কোনো প্রকল্প বাস্তবায়ন করবে না।

তিনি আরও বলেন, পিকেএসএফ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও সম্প্রসারণে কী প্রয়োজন, সরকার তা বিবেচনা করছে।

দেশের স্বাস্থ্যসেবার ব্যয় আফগানিস্তানের চেয়েও বেশি উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এটি অত্যন্ত লজ্জাজনক। আগামী বাজেটে স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব্যয় বাড়ানোর পরিকল্পনা রয়েছে, যাতে সাধারণ মানুষ সহজে এসব সেবা পেতে পারে।

ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, দেশের তরুণ জনগোষ্ঠীর শক্তিকে কাজে লাগাতে সরকার কার্যকর উদ্যোগ নিতে চায়।

বিশ্ববাজারে বাংলাদেশের হস্তশিল্পের সম্ভাবনা থাকলেও কাঙ্ক্ষিত অবস্থান তৈরি হয়নি বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ঐতিহ্যবাহী শীতলপাটি আন্তর্জাতিক বাজারে আরও বড় জায়গা করে নিতে পারে, যদি পরিকল্পিতভাবে ডিজাইন ও মার্কেটিংয়ে গুরুত্ব দেওয়া হয়।

তিনি আরও বলেন, একটি উন্নত ডিজাইন কোনো পণ্যের মূল্য কয়েকগুণ বাড়িয়ে দিতে পারে। তাই আন্তর্জাতিক মানের বিপণন কৌশল গ্রহণ জরুরি।

বাংলাদেশের মিউজিক, থিয়েটার ও খেলাধুলাকেও সম্ভাবনাময় অর্থনৈতিক খাত হিসেবে উল্লেখ করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সঠিক পরিকল্পনা ও বিনিয়োগের মাধ্যমে এসব খাত আন্তর্জাতিক বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

নারীদের অর্থনৈতিক ভূমিকার প্রসঙ্গ তুলে অর্থমন্ত্রী বলেন, নারীরা পরিবার পরিচালনা ও সঞ্চয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এজন্য ফ্যামিলি কার্ডের মাধ্যমে তাদের আর্থিক স্বস্তি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, যা গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। একইভাবে কৃষক কার্ডও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে জানান তিনি।

Share.
Leave A Reply

Exit mobile version