
আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব মায়ের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি সব মায়ের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেন।
রোববার (১০ মে) এক বাণীতে মির্জা ফখরুল বলেন, সন্তানের সাফল্যের পেছনে মায়ের উদ্যম, ত্যাগ ও সংগ্রামের অসামান্য ভূমিকা রয়েছে। সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে মায়েরা আপসহীন ও সংগ্রামী ভূমিকা পালন করেন।
তিনি বলেন, পরিবারে মা একটি অপরিহার্য ও মহিমান্বিত প্রতিষ্ঠান। মায়ের শিক্ষা ও আদর্শেই শিশুর ভবিষ্যৎ নির্মিত হয়। একজন সুমাতার সান্নিধ্যে সন্তানের মানবিক গুণাবলি, নৈতিকতা ও উৎকর্ষ বিকশিত হয়।
বিএনপি মহাসচিব আরও বলেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল হচ্ছেন মা। মাকে শ্রদ্ধা জানানোর জন্য আলাদা কোনো দিন প্রয়োজন না হলেও ভালোবাসা ও সম্মান প্রকাশে মা দিবসের বিশেষ গুরুত্ব রয়েছে।
বাণীতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর অবদানের কথাও তুলে ধরেন তিনি। মির্জা ফখরুল বলেন, নারী সমাজের অগ্রগতি, আর্থিক ও সামাজিক উন্নয়নে খালেদা জিয়ার ভূমিকা দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে।
তিনি আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নানা প্রতিকূলতার মধ্যেও খালেদা জিয়া দায়িত্ব থেকে বিচ্যুত হননি। এ কারণে তিনি জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে ‘গণতন্ত্রের মা’ হিসেবে শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত হয়েছেন।
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, সবাই যেন মায়েদের প্রতি যথাযথ সম্মান, ভালোবাসা ও দায়িত্ব পালন করেন। কারণ, সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে মায়ের মর্যাদা ও অবদানের বিষয়ে সচেতনতা অত্যন্ত জরুরি।
