
ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে স্কোয়াড ঘোষণা করেন নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন ও সালমা খাতুন।
ঘোষিত দলে সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন ব্যাটার তাজ নেহার। দীর্ঘ সময় পর জাতীয় দলে ফিরেছেন তিনি। প্রায় ১৫ মাস পর দলে সুযোগ পাওয়া এই ডানহাতি ব্যাটারকে মূলত লোয়ার অর্ডার আরও শক্তিশালী করার পরিকল্পনায় রাখা হয়েছে।
এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সীমিত সুযোগ পেলেও সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় আবারও তার ওপর আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে সর্বশেষ সিরিজের স্কোয়াডে থাকা শারমিন সুলতানা এবার জায়গা পাননি।
দলের নেতৃত্বে থাকছেন অধিনায়ক নিগার সুলতানা। সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন স্পিনার নাহিদা আক্তার।
এবারের দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস। বিশ্বকাপ বাছাইপর্ব ও শ্রীলঙ্কা সিরিজে অভিজ্ঞতা অর্জনের পর এবার প্রথমবারের মতো বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্ত হলেন তিনি।
স্কোয়াডে আরও আছেন সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, ফারিহা তৃষ্ণা, মারুফা আক্তার, সানজিদা আক্তার মেঘলা, সুলতানা খাতুন ও দিলারা আক্তার।
বিশ্বকাপের আগে দল নিয়ে আশাবাদী নির্বাচকরা। তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের সমন্বয়ে গড়া এই দল ভালো কিছু উপহার দিতে পারবে বলেই মনে করছে টিম ম্যানেজমেন্ট।