ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য সমঝোতা বা চুক্তির উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছে পাকিস্তান। তবে কূটনৈতিক সংবেদনশীলতা বিবেচনায় এ বিষয়ে এখনই বিস্তারিত কিছু প্রকাশ করতে চায় না ইসলামাবাদ।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান। এজন্য সব পক্ষের আস্থা বজায় রাখতে তারা সতর্ক অবস্থান নিয়েছে।
বিবৃতিতে বলা হয়, মধ্যস্থতার স্বার্থে কোনো পক্ষের আস্থা ক্ষুণ্ণ হয়—এমন কোনো তথ্য প্রকাশ করা হবে না।
এছাড়া ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সম্ভাব্য বৈঠক কোথায় হবে, সে বিষয়েও এখনো নিশ্চিত তথ্য নেই বলে জানায় পাকিস্তান। তবে যদি ইসলামাবাদে এই বৈঠক অনুষ্ঠিত হয়, তাহলে সেটিকে তারা সম্মানের বিষয় হিসেবে দেখবে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তানের এই কূটনৈতিক ভূমিকা আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতে গুরুত্বপূর্ণ হতে পারে।

