নিয়োগ বাণিজ্যের অভিযোগের তদন্তের স্বার্থে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ফারজানা ইসলামের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৭ মে) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।
দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক খোরশেদ আলম আদালতে আবেদন করেন। আবেদনে বলা হয়, ফারজানা ইসলামের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের মাধ্যমে বিপুল অর্থ লেনদেনের অভিযোগ রয়েছে, যা তদন্তাধীন।
এতে আরও উল্লেখ করা হয়, অভিযোগ সংশ্লিষ্ট ফারজানা ইসলাম এবং তার স্বামী মো. আখতার হোসেনের নামে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ গোপন থাকতে পারে বলে সন্দেহ রয়েছে।
তদন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে তাদের নামে থাকা আয়কর সংক্রান্ত নথির মূল ও সংশ্লিষ্ট রেকর্ডপত্র জব্দ বা প্রয়োজনীয় অনুলিপি সংগ্রহের জন্য আদালতের অনুমতি চাওয়া হয়। আদালত সেই আবেদন মঞ্জুর করে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
দুদক সূত্র জানিয়েছে, অভিযোগের বিষয়ে অনুসন্ধান কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
