অবৈধ মানবপাচার ও প্রতারণার অভিযোগে যুক্তরাজ্যভিত্তিক বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান ‘ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড’-এর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে ব্রিটিশ সরকার।
যুক্তরাজ্যের ‘গ্লোবাল ইরেগুলার মাইগ্রেশন অ্যান্ড ট্রাফিকিং স্যাংশনস রেগুলেশনস ২০২৫’-এর আওতায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এটাই প্রথমবার, যখন কোনো বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের নিষেধাজ্ঞা জারি করল যুক্তরাজ্য।
ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশি নাগরিকদের বিদেশে পাঠাত এবং পরে তাদের ভয়াবহ শোষণের মুখে ফেলত।
তদন্তে উঠে এসেছে, প্রতিষ্ঠানটি রাশিয়ায় উচ্চ বেতনের চাকরির বিজ্ঞাপন দিয়ে কর্মী নিয়োগ করত। কিন্তু সেখানে পৌঁছানোর পর অনেককে জোরপূর্বক ইউক্রেন যুদ্ধের ফ্রন্টলাইনে পাঠানো হতো বলে অভিযোগ রয়েছে।
নিষেধাজ্ঞার অংশ হিসেবে প্রতিষ্ঠানটির মালিকের যুক্তরাজ্যে থাকা সম্পদ জব্দের নির্দেশও দেওয়া হয়েছে। একই সঙ্গে মানবপাচার ও অনিয়মিত অভিবাসনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দিয়েছে ব্রিটিশ সরকার।
উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে ঘিরে অভিবাসীদের যুদ্ধক্ষেত্রে ব্যবহারের অভিযোগ আন্তর্জাতিক অঙ্গনে বহুবার উঠে এসেছে। সাম্প্রতিক এই পদক্ষেপ সেই উদ্বেগকে নতুন করে সামনে নিয়ে এসেছে।
