টানা দুই দিনের পতনের পর আবারও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। বৃহস্পতিবার (৭ মে) ব্রেন্ট ক্রুড ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট—দুই ধরনের তেলের দামই বৃদ্ধি পেয়েছে।
বাজার বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭৮ সেন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০২ দশমিক ০৫ ডলারে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ৭৬ সেন্ট বেড়ে হয়েছে ৯৫ দশমিক ৮৪ ডলার।
এর আগে বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে একটি প্রস্তাবিত চুক্তি গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, চুক্তি হলে হরমুজ প্রণালি আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য উন্মুক্ত রাখা হতে পারে। এই বক্তব্য প্রকাশের পর বিশ্ববাজারে তেলের দাম দ্রুত কমতে শুরু করে।
এক পর্যায়ে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১০ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৮ ডলারে নেমে আসে। একইভাবে ডব্লিউটিআইয়ের দামও প্রায় ১২ শতাংশ কমে ৮৯ ডলারে পৌঁছায়।
তবে পরে ট্রাম্প ইরান চুক্তি প্রত্যাখ্যান করলে আরও কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিলে বাজারে আবার উদ্বেগ বাড়ে। এর পরপরই তেলের দাম ফের ঊর্ধ্বমুখী হয়ে ১০০ ডলারের ওপরে উঠে যায়।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং হরমুজ প্রণালিকে ঘিরে অনিশ্চয়তা এখনো বৈশ্বিক জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলছে। উল্লেখযোগ্য পরিমাণ আন্তর্জাতিক তেল পরিবহন এই নৌপথের ওপর নির্ভরশীল হওয়ায় বিনিয়োগকারীরা পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখছেন।
এর আগে গত ২৯ এপ্রিল ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১২২ ডলারে পৌঁছেছিল, যা ২০২২ সালের পর সর্বোচ্চ পর্যায়ের মধ্যে একটি।
