ভারতের তামিলনাড়ুর সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে বিজয় থালাপতির শপথগ্রহণ আপাতত পিছিয়ে গেছে। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সরকার গঠনের জন্য তার দল টিভিকে প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করেছে কি না, সে বিষয়ে এখনো সন্তুষ্ট নন রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার।
এর মধ্যেই কংগ্রেস আনুষ্ঠানিকভাবে টিভিকেকে সমর্থনের আশ্বাস দিয়েছে। পাশাপাশি আরও কিছু দল ও স্বতন্ত্র সদস্যও বিজয়ের পাশে দাঁড়াতে পারেন বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।
সূত্রের বরাতে জানা গেছে, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে টিভিকের আরও এক থেকে দুই দিন সময় লাগতে পারে।
ইতোমধ্যে রাজ্যপাল তামিলনাড়ু বিধানসভা ভেঙে দিয়েছেন এবং পরে কেরালার উদ্দেশে রওনা হয়েছেন, যেখানে তিনিই অতিরিক্ত দায়িত্বে রাজ্যপালের দায়িত্ব পালন করছেন।
বুধবার (৬ মে) বিজয় রাজ্যপালের সঙ্গে বৈঠক করে সরকার গঠনের দাবি জানান। দলটির সাধারণ সম্পাদক আধব অর্জুনও আইনি টিম নিয়ে রাজ্যপালের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।
নির্বাচনে ১০৮টি আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে টিভিকে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ আসন। কংগ্রেসের পাঁচটি আসন যোগ হলেও কার্যকর সংখ্যা দাঁড়িয়েছে ১১২-তে। ফলে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে দলটিকে আরও ছয়টি আসনের সমর্থন প্রয়োজন।
এখন মূল চ্যালেঞ্জ হচ্ছে বিধানসভায় আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করা। তবে কংগ্রেস ছাড়া আর কোন দল বা স্বতন্ত্র সদস্য বিজয়ের প্রতি সমর্থন জানাবেন, তা এখনো স্পষ্ট নয়।
